বাড়ির সামনে ‘অটোরিকশা রাখায়’ চালককে কুপিয়ে হত্যা!
ময়মনসিংহ:
বাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশা রাখা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলে এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৪০) ওই গ্রামেরই বাসিন্দা। এই হামলায় নিহতের ভাই ও ভাতিজাও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবুল কালামের বাড়ির পাশেই তার চাচাতো ভাই আল আমিনের বাড়ি। আল আমিনের বাড়ির সামনে অটোরিকশা রাখা নিয়ে কালামের সাথে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ বেলা আড়াইটার দিকে কালাম সেখানে অটোরিকশা রাখলে আল আমিনের নেতৃত্বে আরও তিন চাচাতো ভাই অতর্কিত হামলা চালায়। ধারালো দা দিয়ে কালামের মাথা, বুক ও পায়ে উপুর্যুপরি কোপাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালামের চিৎকার শুনে তাকে বাঁচাতে ভাই আবু তাহের ও ভাতিজা সুমন মিয়া এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের বোন আম্বিয়া খাতুন অভিযোগ করে বলেন, "আমার ভাইকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর খুনিরা মাটিতে পড়ে থাকা রক্ত পানি দিয়ে ধুয়ে আলামত নষ্ট করার চেষ্টা করেছে এবং ঘরবাড়িতে তালা লাগিয়ে সবাই পালিয়ে গেছে।" তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
0 Response to "বাড়ির সামনে ‘অটোরিকশা রাখায়’ চালককে কুপিয়ে হত্যা!"
Post a Comment