Showing posts with label সারাদেশ. Show all posts
Showing posts with label সারাদেশ. Show all posts

10 February 2026

ভোটের ছুটিতে বাড়ি ফেরার ধুম: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট

ভোটের ছুটিতে বাড়ি ফেরার ধুম: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট
 

বার্তা বিট প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ছুটিতে শ্রমজীবী মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে। একসঙ্গে হাজারো মানুষ বাড়ির পথে ছুটে চলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপক বেড়েছে। এতে মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মহাসড়কের এলেঙ্গা থেকে সদর উপজেলার শিবপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে ১০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

গণপরিবহনের তীব্র সংকটের কারণে অনেকেই খোলা ট্রাক ও পিকআপে করে ঝুঁকি নিয়েই নাড়ির টানে বাড়ি ফিরছেন। এছাড়া সাধারণ যাত্রীরা পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।

মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে জেলা ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে। পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনের চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করছে, যার ফলে দুপুরের পর থেকে যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, “মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি ।”

06 February 2026

হাদি সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম

হাদি সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম

 


 বার্তা বিট প্রতিবেদন:

ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শরীফ ওসমান হাদি সমর্থক ও নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বন্দরনগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ২ নম্বর গেট মোড়ে এই কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচির কারণে মুরাদপুর থেকে জিইসি যাওয়ার প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ২ নম্বর গেট থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ সড়ক এবং বায়েজিদ সংযোগ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় আন্দোলনকারীরা, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘জাবের ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ সহ নানা স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলেন।

সার্বিক পরিস্থিতি নিয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

04 February 2026

পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

বার্তা বিট প্রতিবেদন:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। দেশে মব ভায়োলেন্স বলে কিছু নেই । পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি অত্যন্ত ভালো। নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানো হচ্ছে।  তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচনে কোনো ধরনের সহিংসতার সুযোগ দেওয়া হবে না।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী অশোভন আচরণ করলে এবং তা সমাজে প্রকাশ পেলে তারা এমনিতেই কোণঠাসা হয়ে যাবে। তবে এর বাইরে বেশি কিছু করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

31 January 2026

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২টি ককটেল উদ্ধার

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২টি ককটেল উদ্ধার

  


বার্তা বিট প্রতিবেদন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিশেষ অভিযান চালিয়ে ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। গত শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রামের একটি বাড়ির পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।

হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মন্ডলতোলা গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। তল্লাশিকালে ওই গ্রামের রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে স্তূপ করে রাখা খড়কুটোর ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় ১২টি ককটেল পাওয়া যায়। উদ্ধার হওয়া সবগুলো ককটেলই তাজা ছিল।

উদ্ধারকৃত ককটেলগুলো রাতেই হরিণাকুণ্ডু থানায় জমা দেওয়া হয়েছে। হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানান, ককটেল উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ককটেলগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় সেগুলো নিষ্ক্রিয় করা হবে।

ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয় : রশিদ

ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয় : রশিদ

  

বার্তা বিট স্পোটস: 

উপ-মহাদেশের ক্রিকেটে রাজনৈতিক উত্তাপ এখন নতুন উচ্চতায়। ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতার পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে উত্তাল ক্রিকেট বিশ্ব। মাঠের বাইরের এই রাজনীতি নিয়ে এবার নিজের স্পষ্ট অবস্থান জানালেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান।

ক্রিকেট মাঠে রাজনীতির এমন প্রভাবকে ইতিবাচকভাবে দেখছেন না এই বিশ্বসেরা লেগ স্পিনার। তার মতে, খেলাধুলার আসল সৌন্দর্যই হলো এটি মানুষকে এক সুতোয় গাঁথে। রশিদ খান বলেন, “আমার মনে হয়, সবার মধ্যে স্পোর্টিং মানসিকতা থাকা উচিত। প্রায়ই অনেকে বলে, ক্রিকেট ও রাজনীতি মেশানো উচিত নয়। যদি সত্যিই তা হয়, তবে তা মেশানো উচিত না। আমি জানি না এই বিষয়ে চূড়ান্ত কী বলা উচিত, তবে এসব দেখার জন্য দায়িত্বরত ব্যক্তিরা আছেন।”

তিনি আরও যোগ করেন, “আমরা সবসময় বলি, খেলাধুলার মাধ্যমে একতা বাড়ে, সব দেশ এক জায়গায় আসে। এটাই খেলার আসল মজা। আফগানিস্তানের জন্য খেলাধুলা যা করেছে, অন্য কোনো কিছুই তা করতে পারত না।”

 

28 January 2026

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত

  


বার্তা বিট প্রতিবেদন:

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট বর্তমান আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

তবে ঠিক কী কারণে এই কমিটি স্থগিত করা হয়েছে বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তিতে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।


শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

 


বার্তা বিট প্রতিবেদন: 

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 রেজাউল করিমের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।


27 January 2026

সংসদ নির্বাচন: মোটরসাইকেল ৩ দিন ও অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

সংসদ নির্বাচন: মোটরসাইকেল ৩ দিন ও অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

 


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। 

অন্যদিকে, মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোরতা অবলম্বন করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা বা তিন দিন সারা দেশে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ থাকবে।

তবে জনজীবন ও জরুরি প্রয়োজন সচল রাখতে বেশ কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া জরুরি সেবার অন্তর্ভুক্ত ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত যানবাহন এবং বিমানবন্দরে যাওয়া-আসা করা যাত্রী বা তাদের আত্মীয়স্বজনের গাড়ি টিকিট প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে।

জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলেও নির্দেশনায় বলা হয়।

এছাড়া, স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা চাইলে আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন বা শিথিল করতে পারবেন।


টেকনাফ সীমান্তে ‘আরাকান আর্মির’ গুলিতে ২ জেলে আহত

টেকনাফ সীমান্তে ‘আরাকান আর্মির’ গুলিতে ২ জেলে আহত

teknaf-border-arakan-army-shooting

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপার থেকে ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মধ্যবর্তী নাফ নদী সীমান্তে এই হামলার ঘটনা ঘটে। আহত জেলেরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)। 

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র।  

স্থানীয় বাসিন্দাদের বরাতে খোকন চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সোহেল ও আব্দুল্লাহ নাফ নদীর সীমান্তে মাছ ধরতে গিয়েছিল। এ সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোঁড়ে। এতে দুই কিশোরই গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই প্রথম নয়, এর আগে গত ১১ জানুয়ারি টেকনাফের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির গুলিতে সুমাইয়া হুজাইফা (১১) নামের এক শিশু গুরুতর আহত হয়েছিল। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

26 January 2026

বাড়ির সামনে ‘অটোরিকশা রাখায়’ চালককে কুপিয়ে হত্যা!

বাড়ির সামনে ‘অটোরিকশা রাখায়’ চালককে কুপিয়ে হত্যা!

 

ময়মনসিংহ: 

বাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশা রাখা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলে এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৪০) ওই গ্রামেরই বাসিন্দা। এই হামলায় নিহতের ভাই ও ভাতিজাও গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবুল কালামের বাড়ির পাশেই তার চাচাতো ভাই আল আমিনের বাড়ি। আল আমিনের বাড়ির সামনে অটোরিকশা রাখা নিয়ে কালামের সাথে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ বেলা আড়াইটার দিকে কালাম সেখানে অটোরিকশা রাখলে আল আমিনের নেতৃত্বে আরও তিন চাচাতো ভাই অতর্কিত হামলা চালায়। ধারালো দা দিয়ে কালামের মাথা, বুক ও পায়ে উপুর্যুপরি কোপাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালামের চিৎকার শুনে তাকে বাঁচাতে ভাই আবু তাহের ও ভাতিজা সুমন মিয়া এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বোন আম্বিয়া খাতুন অভিযোগ করে বলেন, "আমার ভাইকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর খুনিরা মাটিতে পড়ে থাকা রক্ত পানি দিয়ে ধুয়ে আলামত নষ্ট করার চেষ্টা করেছে এবং ঘরবাড়িতে তালা লাগিয়ে সবাই পালিয়ে গেছে।" তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

কারাফটকে স্ত্রী-সন্তানের নিথর দেহ দেখা সেই সাদ্দামের ৬ মাসের জামিন

কারাফটকে স্ত্রী-সন্তানের নিথর দেহ দেখা সেই সাদ্দামের ৬ মাসের জামিন

 


 নিজস্ব প্রতিবেদক: 

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা (২২) এবং তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমে মরদেহ উদ্ধার করে পুলিশ। সাদ্দাম কারাগারে থাকায় পরদিন বিকেলে লাশবাহী গাড়িতে করে মা ও সন্তানের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানে সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মুখ শেষবারের মতো মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও ৯ মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়

এদিকে কারাফটকে সাদ্দামের স্ত্রী-সন্তানের লাশ দেখার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও শোকের সৃষ্টি হয়। সাধারণ মানুষ প্রশ্ন তোলেন, কেন এমন মানবিক বিপর্যয়ের মুহূর্তে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না। এই ঘটনার প্রেক্ষাপটেই আজ উচ্চ আদালত থেকে তার জামিনের আদেশ এলো।

উল্লেখ্য, সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই তিনি যশোর জেলা কারাগারে বন্দী জীবন কাটাচ্ছিলেন।

সূত্র : জাতীয় সংবাদ মাধ্যম 

19 January 2026

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা

 

জাতীয় ডেস্ক:

 দেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে জনগণের মতামত যাচাই করতে আয়োজিত গণভোটে অংশ নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীকে ভোটকেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ সূচক বাক্সে সিল দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে জাতির উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশকে একটি টেকসই এবং গণতান্ত্রিক কাঠামোর ওপর দাঁড় করাতে আমরা কিছু মৌলিক সংস্কারের উদ্যোগ নিয়েছি। এই পরিবর্তনের অগ্রযাত্রায় আপনাদের সমর্থন অপরিহার্য। আমি অনুরোধ করছি, আপনারা সবাই গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিন এবং সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’-তে সিল দিয়ে আমাদের উৎসাহিত করুন’।

তথ্যসূত্র: এই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণ এবং জাতীয় সংবাদ সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে 

14 January 2026

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

 

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ জল্পনা-কল্পনার পর আজ ১১ দলীয় জোটের যে যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, তা 'অনিবার্য কারণে' স্থগিত করা হয়েছে। আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত স্থগিত হওয়ায় জোটের ভেতরে বড় ধরনের মতপার্থক্যের আভাস পাওয়া যাচ্ছে।

আজ দুপুর ৩টায় রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর মাত্র এক ঘণ্টা আগে জোটের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। সূত্র মতে, অন্তত তিনটি গুরুত্বপূর্ণ আসনে একাধিক দলের দাবি এবং কিছু প্রভাবশালী নেতার অবস্থান নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে জোটের শীর্ষ নেতারা।

12 January 2026

না ফেরার দেশে পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ ইলিয়াস

না ফেরার দেশে পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ ইলিয়াস

 

পাকিস্তান ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া। চিরবিদায় নিলেন দেশটির সাবেক টেস্ট ওপেনার ও জাতীয় নির্বাচক মোহাম্মদ ইলিয়াস। আজ সোমবার করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

পারিবারিক সূত্র জানিয়েছে, মোহাম্মদ ইলিয়াস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মোহাম্মদ ইলিয়াস ছিলেন ষাটের দশকের পাকিস্তান ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ওপেনার। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন।

১৯৬৪ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়। একই সিরিজে অ্যাডিলেড টেস্টে তিনি ৪৪ ও ৫৬ রানের দুটি লড়াকু ইনিংস খেলে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন।

 প্রথম শ্রেণির ক্রিকেটে মোহাম্মদ ইলিয়াস ছিলেন অত্যন্ত সফল। ১২১টি ম্যাচে ১৫টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরিসহ তিনি সংগ্রহ করেছিলেন ৬ হাজার ৫০৭ রান ।

মোহাম্মদ ইলিয়াসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক শোকবার্তায় পিসিবি জানিয়েছে, "মোহাম্মদ ইলিয়াস পাকিস্তান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সেবক ছিলেন। মাঠ এবং মাঠের বাইরে তাঁর অবদান ভোলার মতো নয়।"

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান ফারহাতের শ্বশুর। তাঁর মৃত্যুতে বর্তমান ও সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর সমবেদনা জানিয়েছেন।

 সূত্র: ইএসপিএন ক্রিকইনফো ও জিও নিউজ

11 January 2026

শীতে আপনার শরীর উষ্ণ রাখবে যে ৫টি জাদুকরী খাবার

শীতে আপনার শরীর উষ্ণ রাখবে যে ৫টি জাদুকরী খাবার

 


শীতের হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা সবার। এই সময়ে সর্দি-কাশি আর ফ্লুর প্রকোপ বেড়ে যায় বহুগুণ। নিজেকে সুস্থ রাখতে আর শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রকৃতিতেই এমন কিছু খাবার আছে, যা প্রাকৃতিক উপায়ে আপনার শরীরকে ভেতর থেকে গরম রাখবে-

১. আদা ও মশলা চা

শীতের সকালে এক কাপ আদা চা কেবল মন চাঙ্গা করে না, এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরকে উষ্ণ রাখে। আদার মধ্যে থাকা 'জিনজারল' মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এছাড়া দারুচিনি এবং এলাচও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে দারুণ কার্যকর।

২. মধু: প্রাকৃতিক শক্তির উৎস

মধুকে বলা হয় শীতের মহৌষধ। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানির সাথে এক চামচ মধু মিশিয়ে খেলে শরীরে দ্রুত তাপ উৎপন্ন হয় এবং ঠান্ডার সমস্যা দূর হয়।

৩. ঘি ও বাদাম

শীতের ডায়েটে স্বাস্থ্যকর চর্বি বা 'হেলদি ফ্যাট' থাকা খুব জরুরি। রান্নায় সামান্য ঘি ব্যবহার করলে তা শরীরকে দীর্ঘক্ষণ গরম রাখে। এছাড়া কাজু, কাঠবাদাম বা আখরোট ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের যোগান দেয়, যা শীতকালীন শুষ্কতা দূর করে শরীরকে চনমনে রাখে।

৪. মূল জাতীয় সবজি 

গাজর, বিট, শালগম এবং মিষ্টি আলুর মতো সবজিগুলো হজম হতে শরীরের একটু বেশি শক্তি প্রয়োজন হয়। এই হজম প্রক্রিয়ায় শরীরে তাপ উৎপন্ন হয়, যা আপনাকে বাইরের ঠান্ডা থেকে সুরক্ষা দেয়।

৫. গরম স্যুপ ও ডাল

শীতের রাতে এক বাটি গরম ভেজিটেবল স্যুপ বা মসুর ডাল হতে পারে সেরা খাবার। এটি যেমন পুষ্টিকর, তেমনি শরীরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। স্যুপে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে তা বুকের কফ পরিষ্কার রাখতেও সাহায্য করে।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটির অবস্থা আশঙ্কাজনক, আটক ৫৩

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটির অবস্থা আশঙ্কাজনক, আটক ৫৩

 


মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের সীমান্ত এলাকা। আজ রোববার সকালে কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আফনান (১২) নামে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আহত শিশুটির চাচা মোহাম্মদ শওকত বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নিজের বাড়ির উঠানে খেলছিল আফনান। এমন সময় সীমান্তের ওপার থেকে আসা একটি বিপথগামী গুলি সরাসরি তার মাথায় বিদ্ধ হয়। সে স্থানীয় লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে।

শুরুতে স্থানীয়দের মধ্যে শিশুটি মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়েছিল এবং পুলিশও প্রাথমিকভাবে নিহতের বিষয়টি জানিয়েছিল। তবে পরবর্তী সময়ে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেন যে, শিশুটি বেঁচে আছে। কক্সবাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রামে পাঠানো হয় এবং বিকেল পৌনে ৫টার দিকে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সীমান্তের ওপার থেকে আসা গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করলে রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।

এদিকে, সীমান্তের এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ৫৩ জন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।