বার্তা বিট প্রতিবেদন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ছুটিতে শ্রমজীবী মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে। একসঙ্গে হাজারো মানুষ বাড়ির পথে ছুটে চলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপক বেড়েছে। এতে মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মহাসড়কের এলেঙ্গা থেকে সদর উপজেলার শিবপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে ১০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
গণপরিবহনের তীব্র সংকটের কারণে অনেকেই খোলা ট্রাক ও পিকআপে করে ঝুঁকি নিয়েই নাড়ির টানে বাড়ি ফিরছেন। এছাড়া সাধারণ যাত্রীরা পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।
মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে জেলা ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে। পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনের চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করছে, যার ফলে দুপুরের পর থেকে যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, “মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি ।”

0 coment rios: