Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

28 February 2026

হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি

হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি

হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি
আয়াতুল্লাহ আলী খামেনি | ছবি: সংগৃহীত

বার্তা বিট আন্তর্জাতিক:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) বার্তাসংস্থা তাসনিম ও ফার্স নিউজসহ ইরানের সরকারি-বেসরকারি সকল সংবাদমাধ্যম খামেনির নিহতের খবরটি নিশ্চিত করেছে।

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তাঁর জীবন উৎসর্গ করেছেন।”  

খামেনির মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে ইসরায়েলি ও মার্কিন সেনারা হামলা চালায়। এরপর শনিবার রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনি নিহত হওয়ার খবর জানান। যদিও ইরান প্রথমে বিষয়টি স্বীকার করেনি, তবে আজ রোববার বাংলাদেশ সময় সকালে তারা খামেনির নিহতের তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়।

ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতন্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক, বিচার ও রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগসহ সবক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর। তাঁর নির্দেশনাতেই মূলত ইরান সরকার চলতো।

১৯৭৯ সালে তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ক্ষমতায় বসে শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠী ও বিভিন্ন রাজনৈতিক দল। সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি।

সূত্র: তাসনিম, আইআরআইবি, সিএনএন ও এক্সিওস

হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি? যা বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি? যা বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আয়াতুল্লাহ আলী খামেনি | ছবি: সংগৃহীত
বার্তা বিট আন্তর্জাতিক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি নাকচ করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ সূত্রের বরাতে দাবি করেছিল যে, শনিবারের যৌথ হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন ।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, খামেনি সুস্থ ও বেঁচে আছেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে, ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

আরাগচি বলেন, “আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন।” তিনি আরও যোগ করেন, “উচ্চপদস্থ প্রায় সব কর্মকর্তা নিরাপদ আছেন। সবাই যার যার অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। সবকিছু স্বাভাবিক আছে।”

পররাষ্ট্রমন্ত্রী খামেনির বেঁচে থাকার দাবি করলেও, ইরানের সামরিক নেতৃত্বের বড় দুই স্তম্ভের পতন নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স । সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবার সকালের ওই আকস্মিক হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহত হয়েছেন। 

ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’: মার্কিন সিনেটর মার্কি

ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’: মার্কিন সিনেটর মার্কি

ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’: মার্কিন সিনেটর মার্কি
মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি | ছবি: সংগৃহীত
বার্তা বিট আন্তর্জাতিক:

ইরানে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সামরিক অভিযানকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। 

এক বিবৃতিতে সিনেটর মার্কি জানান, এই ধরণের সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের কোনো অনুমতি নেওয়া হয়নি। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের এই অবৈধ কর্মকাণ্ড একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এটি কেবল ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের জন্যই নয়, বরং সাধারণ বেসামরিক নাগরিকদের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মার্কি বলেন, ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকিকে ‘অতি আসন্ন’ বলে অতিরঞ্জিতভাবে প্রচার করে আসছেন। তিনি উল্লেখ করেন, গত বছরের জুনে চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার সময় যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ‘বিধ্বস্ত’ করেছে। অথচ সেই অভিযানের পরও ট্রাম্প এখনও ইরানের হুমকিকে বড় করে দেখিয়ে যুদ্ধের পরিস্থিতি জিইয়ে রাখছেন।

সূত্র: আল জাজিরা

বিজয় এখন নিকটে, রাজপথে নামার সময় এসেছে: রেজা পাহলভি

বিজয় এখন নিকটে, রাজপথে নামার সময় এসেছে: রেজা পাহলভি

ছবি: সংগৃহীত



বার্তা বিট আন্তর্জাতিক:

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর এক বার্তা দিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তিনি দাবি করেছেন, ইরানে বর্তমান শাসনের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের চূড়ান্ত বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রেজা পাহলভি বলেন, “আমার প্রিয় জনগণ, সামনে ভালো মুহূর্ত অপেক্ষা করছে। ইরানের সাহসী মানুষকে সহায়তার যে প্রতিশ্রুতি বিশ্ব দিয়েছিল, তা অবশেষে বাস্তবায়িত হয়েছে।” তিনি বর্তমান এই সামরিক অভিযানকে ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করে জানান, এই হামলার লক্ষ্য সাধারণ মানুষ নয়, বরং ‘ইসলামিক প্রজাতন্ত্র’ ও তাদের ‘রক্তপিপাসু’ বাহিনীকে রুখে দেওয়া।

এছাড়াও দেশটির নিরাপত্তাবাহিনীর উদ্দেশে তিনি বলেছেন,, “আপনাদের কাজ হলো মানুষকে রক্ষা করা, কোনো অত্যাচারী সরকারকে নয়। সাধারণ মানুষের সঙ্গে যোগ দিন এবং ক্ষমতার নিরাপদ হস্তান্তরে সহায়তা করুন। নয়তো আপনারা খামেনি সরকারের ভাঙা জাহাজের সঙ্গে ডুবে যাবেন।”

এখন রাজপথে নেমে আসার সময় এসেছে। উপযুক্ত সময়ে তাঁর পরবর্তী নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষকে রাস্তায় নেমে বিক্ষোভ করার জন্য প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি।

ইরানে স্কুলে ইসরায়েলের হামলা, অন্তত ৫৩ শিক্ষার্থী নিহত

ইরানে স্কুলে ইসরায়েলের হামলা, অন্তত ৫৩ শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত
 


বার্তা বিট আন্তর্জাতিক:

মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আজ শনিবার ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত ৫৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের তথ্যমতে, আজ শনিবার ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালায়। এর মধ্যে মিনাব এলাকায় অবস্থিত মেয়েদের স্কুলটিতে চালানো হামলাটি ছিল সবচেয়ে বিধ্বংসী। প্রাথমিক তথ্যে ৫ জনের মৃত্যুর কথা বলা হলেও, পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ও শোক ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে।

স্কুলে হামলার জবাবে বসে থাকেনি তেহরান। ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফার্স নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি। সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সূত্র: আল জাজিরা ও ফার্স নিউজ

20 February 2026

গাজা আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে প্রস্তুত ৫ দেশ

গাজা আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে প্রস্তুত ৫ দেশ

গাজা আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে প্রস্তুত ৫ দেশ
ছবি: সংগৃহীত
 বার্তা বিট আন্তর্জাতিক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর (আইএসএফ) জন্য সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে পাঁচটি মুসলিম প্রধান দেশ। দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া।

সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত 'বোর্ড অব পিস'-এর বৈঠকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান মার্কিন মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। তিনি এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (ISF) সার্বিক নির্বাহী দায়িত্বে থাকা অন্যতম শীর্ষ কর্মকর্তা।

বৈঠকে মেজর জেনারেল জেফার্স জানান, গাজায় এই বাহিনীর প্রথম দায়িত্ব থাকবে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তাকে স্থিতিশীল করা এবং সেখানকার বেসামরিক সরকারকে শাসন পরিচালনায় প্রশাসনিক সহযোগিতা প্রদান করা।

তিনি আরও জানান, পুরো গাজা উপত্যকাকে আইএসএফ-এর জন্য ৫টি সেক্টরে ভাগ করা হবে এবং প্রতিটি সেক্টরে একটি করে সেনা ব্রিগেড মোতায়েন থাকবে। 

গত বছরের ২৯ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত ২০টি পয়েন্টের একটি প্রস্তাব পেশ করেছিলেন। গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া সেই যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল একটি অস্থায়ী বেসামরিক টেকনোক্র্যাট সরকার গঠন এবং উপত্যকার শান্তিশৃঙ্খলা রক্ষায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা। এই বাহিনীর সদস্যরা সরাসরি সেই বেসামরিক সরকারের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন।

মেজর জেনারেল জেফার্স স্পষ্ট করে বলেন, “গাজার শান্তি ও উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন স্থিতিশীল নিরাপত্তা। আমাদের প্রথম কাজ হবে সেটি নিশ্চিত করা।”

সূত্র: আনাদোলু এজেন্সি

19 February 2026

এখনো দুই দেশে রোজা শুরু হয়নি, কারণ কী?

এখনো দুই দেশে রোজা শুরু হয়নি, কারণ কী?

এখনো দুই দেশে রোজা শুরু হয়নি
ছবি: সংগৃহীত
 

 বার্তা বিট ধর্ম:

বিশ্বের বেশির ভাগ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হলেও নিউজিল্যান্ড ও ফিজিতে এখনো রোজা শুরু হয়নি। দেশ দুটিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।

বুধবার সন্ধ্যায় শাবান মাসের ২৯ তারিখে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় একদিন পিছিয়ে রমজান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটির ইসলামিক কর্তৃপক্ষ। ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ আলাদা আলাদা ঘোষণায় জানায়, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০তম দিন পূর্ণ হবে। সে অনুযায়ী শুক্রবার ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান।

দুই দেশের ইসলামী কর্তৃপক্ষ জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী নিউজিল্যান্ড ও ফিজি এমন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, যেখান থেকে ওই দিন সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও দেখার সম্ভাবনা ছিল না। যেহেতু এই অঞ্চলের ধর্মীয় কর্তৃপক্ষ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, তাই শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন ও সুদানসহ আরও কয়েকটি দেশ। এছাড়া ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান, মিসর (ইজিপ্ট), তুরস্ক ও সিঙ্গাপুরসহ আরও কিছু দেশে।

সূত্র : খালিজ টাইমস

18 February 2026

চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ
 

বার্তা বিট আন্তর্জাতিক:

চীনের মধ্যাঞ্চলে চন্দ্র নববর্ষের উৎসবের মাঝেই একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি নিশ্চিত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বুধবার দুপুর ২টার দিকে ঝেংজি শহরের একটি আতশবাজি ও পটকার দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দোকানে মজুদ করে রাখা বিপুল পরিমাণ আতশবাজিতে বিস্ফোরণ ঘটে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়।

চীনে চন্দ্র নববর্ষ বা ‘লুনার নিউ ইয়ার’ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো একটি প্রাচীন ঐতিহ্য। গত মঙ্গলবার মূল উৎসব উদযাপিত হলেও দেশটিতে বর্তমানে সরকারি ছুটি চলছে। রাজধানী বেইজিং ও বড় শহরগুলোতে আতশবাজি নিষিদ্ধ থাকলেও ছোট শহর ও গ্রামীণ এলাকায় এই প্রথা এখনো বেশ জনপ্রিয় ।

এর আগে গত রোববারও জিয়াংসু প্রদেশে অনুরূপ এক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছিলেন। পরপর দুটি বড় দুর্ঘটনার পর চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সারা দেশে আতশবাজি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও দোকানগুলোতে নিরাপত্তা তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছে। একইসাথে নাগরিকদের অনিরাপদভাবে আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

সূত্র: এএফপি

16 February 2026

হরমুজ প্রণালীতে ইরানের বিশাল সামরিক মহড়া

হরমুজ প্রণালীতে ইরানের বিশাল সামরিক মহড়া

 

হরমুজ প্রণালীতে ইরানের বিশাল সামরিক মহড়া

বার্তা বিট আন্তর্জাতিক:

নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন শুরু করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ‘ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি) গতকাল সোমবার থেকে এই সামরিক মহড়া শুরু করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন জানিয়েছে, সম্ভাব্য সামরিক ও নিরাপত্তাজনিত হুমকির মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়ার আয়োজন। আইআরজিসি জানিয়েছে, মহড়া চলাকালীন নিরাপত্তার স্বার্থে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট ‘হরমুজ প্রণালী’ দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে এই মহড়া কতদিন চলবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে কৌশলগত জলপথগুলোর একটি। জলপথে বিশ্বে প্রতিবছর যে পরিমাণ জ্বালানি তেল পরিবাহিত হয় তার এক-চতুর্থাংশ এবং এক-পঞ্চমাংশ তরল গ্যাস (এলএনজি) এই রুট দিয়েই যাতায়াত করে। 

আইআরজিসির প্রধান জেনারেল মোহাম্মদ পাকপৌর এই মহড়ার সার্বিক তত্ত্বাবধানে আছেন। পারস্য উপসাগরের আবু মুসা দ্বীপ এবং তার চারপাশের জলসীমায় এই মহড়া চলছে। এএফপির তথ্যমতে, ইরান এই দ্বীপে বেশ কিছু আধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, যা সর্বোচ্চ ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। মূলত জরুরি পরিস্থিতিতে দ্রুত পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা যাচাই করতেই এই সামরিক আয়োজন।

আগামীকাল রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদির

আগামীকাল রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদির

আগামীকাল রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদির
বার্তা বিট আন্তর্জাতিক:

সাধারণ নাগরিকদের আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। গতকাল রোববার এই আহ্বান জানানো হয়।

তারা বলেছে, আগামী মঙ্গলবার হবে শাবান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যার পর দেশটির আকাশ বা পূর্ব গগনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।

সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে রয়্যাল কোর্ট বলেছে, যদি কেউ খালি চোখে অথবা দূরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে পান, তবে তা যেন নিকটস্থ কোর্টে অবহিত করেন এবং সেখানে সাক্ষ্য প্রদান করেন।

যাদের চাঁদ দেখার প্রতি আগ্রহ আছে, তাদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে রয়্যাল কমিটি। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিমদের স্বার্থে আগ্রহী নাগরিকদের সামিল হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্র: সৌদি গ্যাজেট

15 February 2026

যুক্তরাজ্য ও কানাডার জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা দিল চীন

যুক্তরাজ্য ও কানাডার জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা দিল চীন

 
বার্তা বিট আন্তর্জাতিক:

 
যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে চীন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকরা কোনো রকম ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে কানাডীয় ও ব্রিটিশ নাগরিকরা চীনে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন বলে বেইজিংয়ের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বেইজিংয়ে ওই দুই দেশের নেতাদের সঙ্গে চীনা কর্মকর্তাদের বৈঠকের পর এই ঘোষণা আসে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কানাডা ও যুক্তরাজ্যের সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা ও বাণিজ্য,পর্যটন, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ সৌজন্য বিনিময় কর্মসূচি অথবা ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন । এই বিশেষ নীতি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বেইজিং।

তবে গত ১৬ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের ধারাবাহিকতায় এই ভিসামুক্ত প্রবেশের ঘোষণা এল।

বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের এই ভিসা সংক্রান্ত বার্তায় উভয় দেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল করার বিষয়টি পরিষ্কার হয়েছে। তবে কানাডা চীনের নাগরিকদের জন্য পাল্টা কোনও সুবিধা দেবে কি না, সেটি এখনও স্পষ্ট নয়। বর্তমানে চীনা নাগরিকদের কানাডায় প্রবেশ করতে হলে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) যাচাই ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়।

সূত্র: এএফপি

12 February 2026

তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

 বার্তা বিট আন্তর্জাতিক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। 

 আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্স হ‌্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

পাকিস্তানের প্রেসিডেন্ট পোস্টে বলেন, “বিএনপির এই ভূমিধস বিজয়ে আমি তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে একটি সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।” তিনি বাংলাদেশের এই বিজয়কে গণতান্ত্রিক প্রক্রিয়ার এক বিশাল সাফল্য হিসেবে অভিহিত করেন।

তারেক রহমানকে নরেন্দ্র মোদির উষ্ণ অভিনন্দন

তারেক রহমানকে নরেন্দ্র মোদির উষ্ণ অভিনন্দন

তারেক রহমানকে নরেন্দ্র মোদির উষ্ণ অভিনন্দন
 

বার্তা বিট আন্তর্জাতিক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির নেতৃত্ব দেওয়া চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কের এক পো‌স্টে তিনি এই অভিনন্দন জানান।

নরেন্দ্র মোদি বলেন, “এই বিজয় আপনার (তারেক রহমান) নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচয় দেয়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনের সঙ্গে থাকবে।”

শুভেচ্ছা বার্তায় মোদি আরও উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে তিনি তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন।

03 February 2026

‘চুক্তি না হলে কপালে খারাপ কিছু আছে’, ইরানকে ট্রাম্পের হুমকি

‘চুক্তি না হলে কপালে খারাপ কিছু আছে’, ইরানকে ট্রাম্পের হুমকি

 

 বার্তা বিট আন্তর্জাতিক: 

দীর্ঘদিনের উত্তেজনা আর পাল্টাপাল্টি হুমকির পর অবশেষে বরফ গলতে শুরু করেছে। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগবি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকোফের মধ্যে সরাসরি আলোচনা হবে ।

এদিকে আলোচনা শুরুর আগেই হুমকি দিয়েছে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছে, আলোচনার মাধ্যমে কোনো চুক্তি না হলে ইরানের জন্য ‘ভয়াবহ কিছু’ অপেক্ষা করছে। 

ট্রাম্প বলেন, “ইরানের দিকে আমাদের বিশাল ও সেরা নৌ-বহর এগিয়ে যাচ্ছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, দেখা যাক কী হয়। চুক্তি হলে ভালো, না হলে খুব খারাপ কিছু ঘটবে।”

যুক্তরাষ্ট্র কি চায় ইরানের কাছে? 

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, আলোচনার টেবিলে বসার আগে ট্রাম্প প্রশাসন ইরানের সামনে ৩টি কঠিন শর্ত ছুড়ে দিয়েছে: ১. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে মজুদ শূন্যে নামিয়ে আনতে হবে। ২. ইরানের ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা সীমিত করতে হবে। ৩. হুতি ও হিজবুল্লাহর মতো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করতে হবে।

ইরানের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা অনড়। ইরানি সূত্রগুলো জানিয়েছে, তারা পারমাণবিক কার্যক্রম স্থগিত বা বন্ধের বিষয়ে দরকষাকষি করতে রাজি থাকলেও নিজেদের প্রতিরক্ষার প্রধান হাতিয়ার ‘ব্যালিস্টিক মিসাইল’ নিয়ে কোনো ছাড় দেবে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল ও রয়টার্স 

 

27 January 2026

দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

 

দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

বিলাসিতা আর আধুনিকতার শহর দুবাই এবার বিশ্বকে তাক লাগিয়ে দিতে তৈরি করছে পৃথিবীর প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা। সম্প্রতি দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের সময় এই বিস্ময়কর ঘোষণাটি দেওয়া হয়। তবে এর বিষয়ে বিস্তারিত পরে ধীরে ধীরে জানানো হবে।

সংযুক্ত আরব আমিরাত ২০২৪-২৫ সালে দেশটি প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। এই বিশাল বাণিজ্যের প্রধান অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং এবং তুরস্ক। বর্তমানে দেশটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিজিক্যাল গোল্ড বা ভৌত স্বর্ণ কেনাবেচার কেন্দ্রে পরিণত হয়েছে

দুবাইয়ের এই নতুন ডিস্ট্রিক্টটিতে স্বর্ণ ও অলঙ্কার সংশ্লিষ্ট যাবতীয় সুযোগ-সুবিধা একই ছাদের নিচে পাওয়া যাবে। 

এখানে খুচরা বিক্রি থেকে শুরু করে পাইকারি বাণিজ্য, বুলিয়ন (স্বর্ণের বার) এবং বিনিয়োগ সেবার মতো সব ধরনের আধুনিক সুবিধা রাখা হয়েছে। বর্তমানে এই ডিস্ট্রিক্টে স্বর্ণ, সুগন্ধি, প্রসাধন সামগ্রী ও লাইফস্টাইল খাতের ১ হাজারেরও বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান রয়েছে।

ইতিমধ্যেই সেখানে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, জাওয়াহারা জুয়েলারি, আল রোমাইজান এবং তানিশক জুয়েলারির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো তাদের ফ্ল্যাগশিপ শোরুম স্থাপন করেছে। এর বাইরে জয়ালুকাস সেখানে ২৪ হাজার বর্গফুটের একটি বিশাল শোরুম খোলার পরিকল্পনা করেছে, যা হবে মধ্যপ্রাচ্যে তাদের বৃহত্তম শাখা।

ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইসাম গালাদারি বলেন, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, বিশালতা এবং সুযোগের এক অনন্য সমন্বয় ঘটিয়েছে।

দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের প্রধান নির্বাহী আহমেদ আল খাজা বলেন, স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল ঐতিহ্যকে উদযাপন করছি না, বরং একে নতুন যুগের জন্য সৃজনশীলভাবে সাজাচ্ছি।

সূত্র: খালিজ টাইমস 

 

চলতি সপ্তাহেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা

চলতি সপ্তাহেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা

 

 

চলতি সপ্তাহেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে চলতি সপ্তাহেই ইরানে বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম 'মিডল ইস্ট আই' এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই হামলায় ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার জোরালো সম্ভাবনা রয়েছে।

গত মাসের শেষ দিকে ইরানে সরকারবিরোধী তীব্র আন্দোলন শুরু হয়, যা দেশটির সরকার কঠোর হাতে দমন করে। এই বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষের প্রাণহানির অভিযোগে শুরু থেকেই ইরানকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিক্ষোভ কিছুটা থিতু হওয়ার পর হামলার সম্ভাবনা স্তিমিত মনে হয়েছিল, তবে নতুন গোয়েন্দা তথ্য বলছে, হামলার পরিকল্পনা থেকে সরে আসেনি ওয়াশিংটন।

তবে অনেকে বলেছিলেন ইরানে হামলার আগে পরিকল্পনা আড়াল রাখতে তিনি এমন মন্তব্য করেছিলেন। যদিও কেউ কেউ আবার বলেছেন ট্রাম্প সত্যিই হামলা ইচ্ছা থেকে সরে গেছেন।

ইরানে চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে সৌদি আরব, কাতার এবং ওমান। এ তিনটি দেশ ইরানে সরাসরি হামলার বিরোধীতা করে।

 ইস্ট আইকে অবশ্য জানিয়েছেন, ওই সময় হামলা না চালানো ছিল ‘সাময়িক’। দেশটির একটি গোয়েন্দা সূত্র জানিয়েছেন, ট্রাম্প এখনো ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা বাদ দেননি।

সূত্র: মিডেল ইস্ট আই 

26 January 2026

মেক্সিকোতে ফুটবল মাঠে বন্দুক হামলায় ১১ জন নিহত

মেক্সিকোতে ফুটবল মাঠে বন্দুক হামলায় ১১ জন নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক:  

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতো’র সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচ চলাকালীন নারকীয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১১ জন নিহত এবং আরও ১২ জন গুরুতর আহত হয়েছেন। 

সালামানকার মেয়র সিজার প্রিয়েতো এক বিবৃতিতে জানান, স্টেডিয়ামে তখন ফুটবল ম্যাচ চলছিল। খেলা যখন শেষের দিকে, ঠিক তখনই গ্যালারিতে প্রবেশ করে এক বন্দুকধারী। দর্শকদের লক্ষ্য করে সে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে মুহূর্তেই আনন্দ উল্লাস আতঙ্কে রূপ নেয়। ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু নিশ্চিত করা হয়। বর্তমানে ১২ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সালামানকা শহরে সম্প্রতি আশঙ্কাজনকভাবে অপরাধ বেড়ে যাওয়ায় মেয়র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দেশের প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জরুরি সহায়তা চেয়েছেন। মেয়রের মতে, স্থানীয় সন্ত্রাসী গ্যাংগুলো সরকারি কর্তৃপক্ষকে চাপে ফেলার চেষ্টা করছে, যা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

গুয়ানাজুয়াতো প্রদেশের প্রধান আইন কর্মকর্তার (স্টেট অ্যাটর্নি জেনারেল) দপ্তর থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সাথে সমন্বয় করে স্টেডিয়াম ও তার আশপাশের এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

যদিও মেক্সিকোতে সামগ্রিকভাবে খুনের হার কিছুটা কমেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে প্রতি ১ লাখ মানুষের মধ্যে হত্যার শিকার হয়েছেন ১৭.৫ জন, যা ২০১৬ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। কিন্তু গুয়ানাজুয়াতো’র মতো কিছু প্রদেশে এখনো সহিংসতার উত্তাপ কমেনি।

সূত্র : রয়টার্স 

19 January 2026

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, নিহত ১

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, নিহত ১

pakistan earthquake 

আন্তর্জাতিক ডেস্ক: 

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান প্রদেশে আঘাত হেনেছে ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। এই প্রাকৃতিক দুর্যোগে পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের আঘাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৩৫ কিলোমিটার গভীরে, যার ফলে ভূপৃষ্ঠে কম্পনের তীব্রতা অনেক বেশি অনুভূত হয়েছে। শক্তিশালী এই কম্পনের ফলে পাহাড়ি এলাকাগুলোতে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কম্পনের ফলে পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধস শুরু হয়। গিলগিট-বালতিস্তান প্রদেশের আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, ভূমিকম্পের প্রভাবে ওই অঞ্চলের অনেক কাঁচা ও মাটির তৈরি ঘরবাড়ি ধসে পড়েছে। এছাড়া পাহাড় থেকে বড় বড় পাথর খসে পড়ার কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।

প্রশাসনিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, রাস্তা দিয়ে চলাচলের সময় পাহাড় থেকে পড়া একটি পাথরের আঘাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে ধসে পড়া পাথর সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে সরকারি বিভিন্ন সংস্থা। আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে।

 সূত্র: রয়টার্স, আরব নিউজ


16 January 2026

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো

 

Donald Trump and Maria Corina Machado with Nobel Prize

আন্তর্জাতিক ডেস্ক:

ব্যক্তিগত এবং রাজনৈতিক এক অসাধারণ নিদর্শন হিসেবে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে এক একান্ত বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মাচাদো জানান, ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি ট্রাম্পের অবিচল প্রতিশ্রুতি এবং গত কয়েক সপ্তাহে দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই পদকটি উপহার দিয়েছেন। তিনি বলেন, "আমার মনে হয় আজ ভেনেজুয়েলার জন্য একটি ঐতিহাসিক দিন। আমি আমার নোবেল পুরস্কারের পদক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে উপহার দিয়েছি"

ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ মাচাদোর এই অঙ্গভঙ্গির প্রশংসা করেছেন। তিনি মাচাদোকে একজন "অসাধারণ সাহসী নারী" হিসেবে অভিহিত করেন এবং বলেন, "মারিয়া তার নোবেল শান্তি পুরস্কারটি আমাকে উপহার দিয়েছেন। এটি পারস্পরিক শ্রদ্ধার এক চমৎকার নিদর্শন। ধন্যবাদ মারিয়া!" হোয়াইট হাউস থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পদকটি একটি সোনালি ফ্রেমে বাঁধাই করা হয়েছে।

মাচাদোর এই সিদ্ধান্তের পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। তারা স্পষ্ট করে বলেছে যে, নোবেল পদক মালিকানা বদল করলেও 'নোবেল বিজয়ী' উপাধি হস্তান্তরযোগ্য নয়। কমিটি এক বিবৃতিতে জানায়, "একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। এটি চিরস্থায়ী।"

11 January 2026

বিক্ষোভে কাঁপছে ইরান, নিহতের সংখ্যা বেড়ে ১৯২

বিক্ষোভে কাঁপছে ইরান, নিহতের সংখ্যা বেড়ে ১৯২

 

 
টানা দুই সপ্তাহ ধরে চলা প্রবল সরকারবিরোধী বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে ইরান। দেশটির বর্তমান অর্থনৈতিক সংকট এবং সরকারের কঠোর নীতির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৯২ জনে দাঁড়িয়েছে।

ইরান হিউম্যান রাইটস বলেছে (IHR) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক দিনের সহিংসতায় নিহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর আগে নিহতের সংখ্যা ৫১ বলে জানানো হলেও, মাঠ পর্যায়ের তথ্য যাচাইয়ের পর এই সংখ্যা ১৯২ বলে নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে যে, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ বর্তমানে দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন থাকায় সব তথ্য সময়মতো পৌঁছাচ্ছে না।

গত ডিসেম্বরের শেষ দিকে রাজধানী তেহরানে প্রথম বিক্ষোভের সূত্রপাত হয়। মূলত মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার (রিয়াল) রেকর্ড পতন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং ৪০ শতাংশের ওপর মুদ্রাস্ফীতির প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। তবে দ্রুতই এই বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের ক্ষোভ সরকার পতনের দাবিতে রূপ নেয়।

 

ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভের পেছনে ‘বাইরের শক্তির’ ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে দাঙ্গা উসকে দিচ্ছে। অন্যদিকে, বিক্ষোভ দমাতে ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে। রাজধানীসহ বিভিন্ন শহরে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কয়েক হাজার বিক্ষোভকারীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

 ইরানের এই অস্থিতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে ইরান সরকারকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইরান সরকারকে সতর্ক করেছেন।