বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান
স্পোর্টস ডেস্ক:
আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনে পাকিস্তান দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে—এমন গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'গালফ নিউজ'-এর এক প্রতিবেদনে পিসিবির এই অবস্থানের কথা জানানো হয়।
পিসিবির একটি উচ্চপদস্থ সূত্রের বরাতে জানানো হয়েছে যে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে না সরানো হলে পাকিস্তানও বিশ্বকাপ খেলবে না এমন কোনো সিদ্ধান্ত বোর্ড নেয়নি। সূত্রটি জানায়, এটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো অফিশিয়াল অবস্থান নয়। বরং আমরা ইতোমধ্যেই শ্রীলঙ্কার মাটিতে ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছি। তাই এই মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই।
এর আগে পাকিস্তানের বেশ কিছু স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান তাদের বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত রেখেছে। তবে বোর্ড কর্মকর্তারা বলছেন, এগুলো মূলত পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা মাত্র। যদিও বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে পিসিবি তাদের টিম ম্যানেজমেন্টকে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছে, তবে 'বয়কট' করার মতো কোনো কঠোর পথে হাঁটছে না তারা।
ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, আইসিসির বৈশ্বিক ইভেন্ট থেকে সরে দাঁড়ানো পাকিস্তান ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক ও কূটনৈতিক ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে যেখানে পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে, সেখানে ভেন্যু সংক্রান্ত জটিলতা তাদের জন্য নেই। পিসিবি সূত্র আরও জানিয়েছে, অপ্রয়োজনীয় বিতর্ক ছড়িয়ে বিশ্বকাপের আমেজ নষ্ট করাই কিছু মহলের মূল লক্ষ্য।
সোর্স: গালফ নিউজ
0 Response to "বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান"
Post a Comment