![]() |
| ছবি: সংগৃহীত |
মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আজ শনিবার ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত ৫৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের তথ্যমতে, আজ শনিবার ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালায়। এর মধ্যে মিনাব এলাকায় অবস্থিত মেয়েদের স্কুলটিতে চালানো হামলাটি ছিল সবচেয়ে বিধ্বংসী। প্রাথমিক তথ্যে ৫ জনের মৃত্যুর কথা বলা হলেও, পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ও শোক ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে।
স্কুলে হামলার জবাবে বসে থাকেনি তেহরান। ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফার্স নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি। সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
সূত্র: আল জাজিরা ও ফার্স নিউজ

0 coment rios: