![]() |
| ছবি: সংগৃহীত |
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর (আইএসএফ) জন্য সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে পাঁচটি মুসলিম প্রধান দেশ। দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া।
সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত 'বোর্ড অব পিস'-এর বৈঠকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান মার্কিন মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। তিনি এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (ISF) সার্বিক নির্বাহী দায়িত্বে থাকা অন্যতম শীর্ষ কর্মকর্তা।
বৈঠকে মেজর জেনারেল জেফার্স জানান, গাজায় এই বাহিনীর প্রথম দায়িত্ব থাকবে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তাকে স্থিতিশীল করা এবং সেখানকার বেসামরিক সরকারকে শাসন পরিচালনায় প্রশাসনিক সহযোগিতা প্রদান করা।
তিনি আরও জানান, পুরো গাজা উপত্যকাকে আইএসএফ-এর জন্য ৫টি সেক্টরে ভাগ করা হবে এবং প্রতিটি সেক্টরে একটি করে সেনা ব্রিগেড মোতায়েন থাকবে।
গত বছরের ২৯ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত ২০টি পয়েন্টের একটি প্রস্তাব পেশ করেছিলেন। গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া সেই যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল একটি অস্থায়ী বেসামরিক টেকনোক্র্যাট সরকার গঠন এবং উপত্যকার শান্তিশৃঙ্খলা রক্ষায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা। এই বাহিনীর সদস্যরা সরাসরি সেই বেসামরিক সরকারের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন।
মেজর জেনারেল জেফার্স স্পষ্ট করে বলেন, “গাজার শান্তি ও উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন স্থিতিশীল নিরাপত্তা। আমাদের প্রথম কাজ হবে সেটি নিশ্চিত করা।”
সূত্র: আনাদোলু এজেন্সি

0 coment rios: