![]() |
ছবি: সংগৃহীত |
বাংলাদেশ ক্রিকেটে আপাতত কোনো ব্যস্ততা নেই। ফাঁকা এই সময়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পূর্বনির্ধারিত এই সফরের বিষয়ে গতকাল শনিবার বিসিবির অন্য পরিচালকদের খুদে বার্তার মাধ্যমে আগেই অবহিত করেছেন তিনি। আগামী সপ্তাহখানেক পর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
গত কয়েক মাস বেশ ব্যস্ত সময় পার করেছেন আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ করে নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না চাওয়ার বিষয়ে আইসিসি ও পিসিবির সঙ্গে টানা যোগাযোগ রক্ষা করতে হয়েছে তাঁকে। বাংলাদেশ দল নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানালেও শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করা হয়।
এর আগে একবার বিসিবি সভাপতি 'হঠাৎ দেশ ছেড়েছেন' বলে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল এবং বেশ কিছু গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। তবে পরদিন সকালেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হয়ে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তিনি। এবার অবশ্য কোনো নাটকীয়তা নয়, বরং পূর্বপরিকল্পনা অনুযায়ী পরিবারের কাছে ছুটলেন বুলবুল।

0 coment rios: