![]() |
ছবি: সংগৃহীত |
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে বিনোদন অঙ্গন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় ইকরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনার সময় আলভী একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন।
স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই নিজের ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাহের আলভী।
তিনি জানান, খবরটি শোনার পর থেকে তিনি কথা বলার মতো অবস্থায় নেই এবং বর্তমানে দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন।
ফেসবুক পোস্টে আলভী লেখেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।”
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। স্ত্রীর এমন চরম সিদ্ধান্তের বিষয়ে হাহাকার প্রকাশ করে আলভী লেখেন, “আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”
তিনি আরও অনুরোধ করেন, “আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।” সবশেষে তিনি সবার কাছে ইকরার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের সাজানো সংসার ও একটি পুত্র সন্তান রেখে ইকরার এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না।


0 coment rios: