বার্তা বিট বিনোদন:
বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবের হাসি এবার ম্লান হয়ে গেল। দীর্ঘদিনের চেক বাউন্স মামলায় শেষ রক্ষা হলো না তার। দিল্লি হাইকোর্টের কঠোর নির্দেশে অবশেষে আত্মসমর্পণ করতে হলো এই অভিনেতাকে। কয়েক বছরের আইনি লড়াই আর দফায় দফায় সময় নিয়েও পাওনা টাকা পরিশোধ করতে না পারায় এই পরিণতি ভোগ করতে হচ্ছে তাকে।
গত ৪ ফেব্রুয়ারি আদালত রাজপাল যাদবকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিয়েছিল। তবে আইনি মারপ্যাঁচে তিনি পুনরায় আদালতের দ্বারস্থ হয়ে একটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে ২৫ লাখ টাকা পরিশোধ করবেন এবং বাকি টাকা পরে শোধ দেবেন।
কিন্তু দিল্লি হাইকোর্ট তার এই শর্ত সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। আদালত জানায়, এর আগে তাকে অসংখ্যবার সুযোগ দেওয়া হলেও তিনি প্রতিশ্রুতি রক্ষায় বারবার ব্যর্থ হয়েছেন।রাজপাল যাদবের ওপর বর্তমানে প্রায় ৯ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। এই ঋণ সংক্রান্ত মামলাটি দীর্ঘ কয়েক বছর ধরে চলছে।
এর আগে তিনি কিছুদিন জামিনে মুক্ত ছিলেন এবং আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে সব পাওনা মিটিয়ে দেবেন। কিন্তু মঙ্গলবার চূড়ান্ত রায়ে আদালত সাফ জানিয়ে দেয়, বারবার সময় নিয়েও অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে দ্রুত আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণের পর নতুন করে টাকা পরিশোধের কোনো পথ বের করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে। আপাতত আদালতের নির্দেশে বলিউডের এই জনপ্রিয় কমেডিয়ানকে কারাগারের ঘানি টানতে হচ্ছে।

0 coment rios: