![]() |
| ছবি: সংগৃহীত |
বার্তা বিট ধর্ম:
বিশ্বের বেশির ভাগ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হলেও নিউজিল্যান্ড ও ফিজিতে এখনো রোজা শুরু হয়নি। দেশ দুটিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।
বুধবার সন্ধ্যায় শাবান মাসের ২৯ তারিখে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় একদিন পিছিয়ে রমজান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটির ইসলামিক কর্তৃপক্ষ। ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ আলাদা আলাদা ঘোষণায় জানায়, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০তম দিন পূর্ণ হবে। সে অনুযায়ী শুক্রবার ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান।
দুই দেশের ইসলামী কর্তৃপক্ষ জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী নিউজিল্যান্ড ও ফিজি এমন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, যেখান থেকে ওই দিন সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও দেখার সম্ভাবনা ছিল না। যেহেতু এই অঞ্চলের ধর্মীয় কর্তৃপক্ষ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, তাই শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন ও সুদানসহ আরও কয়েকটি দেশ। এছাড়া ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান, মিসর (ইজিপ্ট), তুরস্ক ও সিঙ্গাপুরসহ আরও কিছু দেশে।
সূত্র : খালিজ টাইমস

0 coment rios: