গত এক মাস ধরেই সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে আলোচনা জোরালো হচ্ছে। এরই মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সাকিবের ফেরার বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে সাকিবের খেলা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছিলেন। তিনি বলেন, “সাকিবের খেলা নির্ভর করবে তাঁর ফর্ম এবং তিনি ক্রিকেটে থাকবেন কি না তার ওপর। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি। যে যোগ্য, সে অবশ্যই খেলবে”।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে, আগামী ২৮ ফেব্রুয়ারি সাকিব আল হাসান দেশে ফিরবেন। মূলত মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখেই এই জল্পনা শুরু হয়। তবে এ বিষয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংক্ষিপ্ত বার্তায় নিশ্চিত করেছেন যে, ২৮ তারিখে তিনি দেশে ফিরছেন না।
এদিকে, সাকিব ও মাশরাফির বিরুদ্ধে দায়ের করা খুনের মামলাকে ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ইশরাক।

0 coment rios: