28 January 2026

প্লেব্যাক ছাড়লেন কেন, জানালেন অরিজিৎ সিং

 

 বিনোদন ডেস্ক:

দুই দশকের রাজকীয় ক্যারিয়ার, কোটি কোটি ভক্তের উন্মাদনা আর অগণিত সুপারহিট গান সবকিছুর মাঝপথে দাঁড়িয়ে এক আকস্মিক ও সাহসী ঘোষণা দিলেন বলিউডের সুরের জাদুকর অরিজিৎ সিং। বাংলা ও হিন্দি সিনেমার প্লে-ব্যাক থেকে চিরতরে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যত শোকের ছায়া নেমে এসেছে তার অগণিত ভক্ত-অনুরাগীদের মাঝে।

নিজের এই সিদ্ধান্তের পেছনের কারণ অরিজিৎ সিং নিজেই খোলসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ । শিল্পী জানান, দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে করতে তার মধ্যে একঘেয়েমি চলে আসছিল।

তিনি লেখেন, “এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গিয়েছি। আসলে একটা কাজ দীর্ঘদিন ধরে করলে আমার বড্ড একঘেয়েমি চলে আসে। তাই এবার নতুন ধরনের সঙ্গীতের খোঁজে ডুব দিলাম।” 

শুধুমাত্র ব্যক্তিগত একঘেয়েমি নয়, অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ করে দেওয়ার মহৎ উদ্দেশ্য। তিনি জানান, এখন তিনি নতুনদের অনুপ্রেরণা হতেই বেশি আগ্রহী। তার ভাষায়, “আমি ভীষণভাবে নতুনদের গান শুনতে চাই। নতুনরা আমায় অনুপ্রেরণা জোগাবে, সেদিকেই তাকিয়ে আছি আমি।”

২০১০ সালে তেলুগু ছবি 'কেডি'-র মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন অরিজিৎ। বলিউডে তার যাত্রা শুরু হয় 'মার্ডার ২' ছবির মাধ্যমে। তবে ২০১৩ সালে 'আশিকী ২' ছবির গান তাকে রাতারাতি বিশ্বব্যাপী মহাতারকায় পরিণত করে। দীর্ঘ ২০ বছর দাপটের সঙ্গে রাজত্ব করার পর তিনি সিনেমার গান ছাড়ার ঘোষণা দিলেন।

তবে ভক্তদের জন্য আশার কথা হলো, প্লে-ব্যাক ছাড়লেও সংগীতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে না। সিনেমার বাণিজ্যিক গানের বাইরেও সংগীতের বিশাল জগতে নতুন ঘরানা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চান এই শিল্পী। 

 আরও পড়ুন:


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: