28 January 2026

অবস্থা বুঝে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেবে পাকিস্তান

  

স্পোর্টস নিউজ:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়ে এখনো ধোঁয়াশা বজায় রেখেছে পাকিস্তান। ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড জায়গা পাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান। বিশ্বকাপ পুরোপুরি বয়কট করবে না, তবে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার পরিকল্পনা করছে

টেলিকম এশিয়া স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা রয়েছে। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেলে তারা ভারত ম্যাচটি এড়িয়ে যাবে। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের সুবিধা নিয়ে ভারতের বিপক্ষে না খেলেও তাদের গ্রুপ পর্ব পার হওয়া সহজ হবে।

সূত্রমতে, বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করতে টুর্নামেন্ট চলাকালীন ‘প্রতীকী প্রতিবাদ’ জানানোর অনুমতি চেয়ে আইসিসিকে চিঠি দেবে পিসিবি। বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানায়, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে লিখিতভাবে এই প্রতিবাদের অনুমতি চাইবে।’

তবে ভারতের বিপক্ষে ম্যাচ বা বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তান বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতায় পড়তে পারে। পিসিবির আইনি উপদেষ্টারা ইতিমধ্যে বোর্ডকে সতর্ক করেছেন। ফলে ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ নেওয়ার নীতিতে এগোচ্ছে সালমান আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ!


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: