29 January 2026

দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল, ছাদখোলা বাসে সংবর্ধনা

 


বার্তা বিট স্পোটস: 

আজ বীরের বেশে দেশে ফিরছে বাংলাদেশের নারী ফুটসাল দল। প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায়  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন এই সাফজয়ীরা।

চ্যাম্পিয়নদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে ট্রফিসহ বিজয়ী দলকে নিয়ে আসা হবে হাতিরঝিলে। রাতে সেখানেই চ্যাম্পিয়নদের সম্মানে আয়োজিত হবে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সংবর্ধনা শেষে জলসিড়িতে হবে বিশেষ নৈশভোজ। এরপর রাতে গুলশানের একটি অভিজাত হোটেলে রাখা হবে চ্যাম্পিয়নদের।

উল্লেখ্য, সাতটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই লিগ পদ্ধতির টুর্নামেন্টে বাংলাদেশ ছিল অপ্রতিদ্বন্দ্বী। টুর্নামেন্টের ৬টি ম্যাচের মধ্যে ৫টিতে জয় এবং একটিতে ড্র করে মোট ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে, ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে ভুটান।

সাফ ফুটবলের পর ফুটসালের এই অর্জন বাংলাদেশের নারী ফুটবলের এক নতুন দিগন্ত উন্মোচন করল।


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: