বার্তা বিট স্পোর্টস:
সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটে-বলে নিজের সক্ষমতার প্রমাণ দিলেও বর্তমানে জাতীয় দলের বিবেচনার বাইরে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘অদম্য কাপে’ সুযোগ না পাওয়া নিয়েও কোনো আক্ষেপ নেই এই সাইলেন্ট কিলারের।
মাহমুদউল্লাহ রিয়াদ জানান, জাতীয় দলের বর্তমান পরিকল্পনায় তিনি নেই বলেই অদম্য কাপে তিনি খেলছেন না। তিনি বলেন, “আমি আর কারেন্ট ক্রিকেটার নই। জাতীয় দলের বিবেচনায় থাকার মতো নই। এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে আছি, নিজের কাজ করছি, এতেই আমি খুশি।”
বাংলাদেশ দলের হয়ে দীর্ঘ ১৮ বছরের পথচলাকে ‘দারুণ জার্নি’ হিসেবে অভিহিত করে মাহমুদউল্লাহ বলেন, “আলহামদুলিল্লাহ, আমার খেলা আমি খেলেছি। এখন জীবন উপভোগ করছি।” তবে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি এখনও ইতিবাচক। তার মতে, সব কিছু নির্ভর করছে শরীর ও ফিটনেসের ওপর। রিয়াদ জানান, “এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাড়না নেই, তবে খেলব না। যতদিন আছে, খেলে যাব।”

0 coment rios: