![]() |
| ফাইল ছবি |
বার্তা বিট প্রতিবেদন:
নির্বাচনের সময় কোনো ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন, তার নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, “ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারেন। তবে শর্ত হলো, সেই টাকা এবং তার উৎস অবশ্যই বৈধ হতে হবে।”
টাকা বহনের সীমা না থাকলেও এর ব্যবহার নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন সচিব। তিনি জানান, যদি এই টাকা ভোটে কাউকে প্রভাবিত করার জন্য বা ভোটারদের মাঝে বিতরণের কাজে ব্যবহার করা হয়, তবে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ আইনগত ব্যবস্থা নেবে। এছাড়া অর্থটি যদি অবৈধ বা কালো টাকা হয়, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, আজ বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আটক করে। ওই ঘটনার পরেই নির্বাচনের সময় টাকা বহনের আইনি বাধ্যবাধকতা নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয় ।

0 coment rios: