বার্তা বিট প্রতিবেদন:
ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শরীফ ওসমান হাদি সমর্থক ও নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বন্দরনগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ২ নম্বর গেট মোড়ে এই কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচির কারণে মুরাদপুর থেকে জিইসি যাওয়ার প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ২ নম্বর গেট থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ সড়ক এবং বায়েজিদ সংযোগ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
এ সময় আন্দোলনকারীরা, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘জাবের ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ সহ নানা স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলেন।
সার্বিক পরিস্থিতি নিয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

0 coment rios: