19 February 2026

অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে রাজার জিম্বাবুয়ের চমক

অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে রাজার জিম্বাবুয়ের চমক
ছবি: সংগৃহীত
 বার্তা বিট স্পোর্টস:

টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়েই চলেছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার পর এবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও পাত্তাই দিল না সিকান্দার রাজার দল। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি সংগ্রহ করে তারা। দলের পক্ষে ওপেনার পাথুম নিশাঙ্কা ৪১ বলে ৬২ রান করেন।

এছাড়া পাভান রাথনেয়েকে ৪৪ এবং কুশল পেরেরা ২২ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারবানি, ব্রাড এভানস ও গ্রায়েম ক্রেমার প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই আসে ৬৯ রান। তাদিওয়ানসে মারুমানি ২৬ বলে ৩৪ রান করে বিদায় নিলেও হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেট। রাজা মাত্র ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের পথ প্রশস্ত করেন। শেষদিকে ব্রায়ান বেনেট ৬৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। শ্রীলঙ্কার পক্ষে দুশান হেমান্থ নেন ২টি উইকেট। 


এই জয়ের ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের একক শীর্ষে উঠে এলো জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তালিকার পরবর্তী অবস্থানে আছে আয়ারল্যান্ড (৩ পয়েন্ট), চার এবং পাঁচ নম্বরে আছে অস্ট্রেলিয়া ও ওমান।

 


শেয়ার করুন

বার্তা বিট (Barta Bit) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সব খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।

0 coment rios: