
ফাইল ছবি | র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান
বার্তা বিট প্রতিবেদন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সুনির্দিষ্ট জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তবে প্রত্যক্ষ হুমকি না থাকলেও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরে বাংলানগরস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।
র্যাব মহাপরিচালক বলেন, ‘একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য র্যাবের পর্যাপ্ত জনবল এবং উন্নত প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে’।
নির্বাচনী ঝুঁকি নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন। র্যাব মহাপরিচালক বলেন, ‘ঝুঁকি কেবল তাদেরই আছে, যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা চালাবে। যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না’।
নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে কেউ নাশকতা বা ভাঙচুর করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন যেকোনো গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান র্যাব ডিজি।
0 coment rios: