15 August 2026

‘তোমায় ছাড়া বাঁচে না জীবন’ জনির নতুন গান

‘তোমায় ছাড়া বাঁচে না জীবন’ জনির নতুন গান

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

বাংলা সংগীতাঙ্গনে প্রকাশ পেল উত্তরবঙ্গের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী জনির নতুন গান ‘তোমায় ছাড়া বাঁচে না জীবন’। প্রেম, অপেক্ষা ও হৃদয়ের গভীর আবেগ নিয়ে নির্মিত এই গানটি নকশা মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে।

গানটির কথা ও সুর করেছেন অধ্যক্ষ খোরশেদ আলম। বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত আয়োজক রিদয় জেজের চমৎকার কম্পোজিশনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনি।

শুধু সুর ও গায়কি নয়, গানটির সাথে নির্মাণ করা হয়েছে চমৎকার একটি সিনেম্যাটিক মিউজিক ভিডিও। এতে অভিনয় করেছেন জনি ও অপু। মিউজিক ভিডিওটির পরিচালনা, ডিওপি, এডিট ও কালার বিন্যাসের কাজ করেছেন অনিক দাস। চিত্রগ্রহণে তাঁর সহকারী হিসেবে ছিলেন রিয়াদ।

 

গানটি নিয়ে শিল্পী জনি বলেন,

 “এই গানটি আমার জন্য খুবই বিশেষ। আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালোবাসাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সবাইকে গানটি শোনার এবং মতামত জানানোর অনুরোধ রইল।”

সুর, কথা ও দৃষ্টিসুখকর চিত্রায়ণে নির্মিত এই মিউজিক ভিডিওটি তরুণ শ্রোতাসহ সব বয়সের সংগীতপ্রেমীদের মন জয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নির্মাতারা।

28 February 2026

হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি

হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি

হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি
আয়াতুল্লাহ আলী খামেনি | ছবি: সংগৃহীত

বার্তা বিট আন্তর্জাতিক:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) বার্তাসংস্থা তাসনিম ও ফার্স নিউজসহ ইরানের সরকারি-বেসরকারি সকল সংবাদমাধ্যম খামেনির নিহতের খবরটি নিশ্চিত করেছে।

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তাঁর জীবন উৎসর্গ করেছেন।”  

খামেনির মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে ইসরায়েলি ও মার্কিন সেনারা হামলা চালায়। এরপর শনিবার রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনি নিহত হওয়ার খবর জানান। যদিও ইরান প্রথমে বিষয়টি স্বীকার করেনি, তবে আজ রোববার বাংলাদেশ সময় সকালে তারা খামেনির নিহতের তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়।

ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতন্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক, বিচার ও রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগসহ সবক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর। তাঁর নির্দেশনাতেই মূলত ইরান সরকার চলতো।

১৯৭৯ সালে তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ক্ষমতায় বসে শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠী ও বিভিন্ন রাজনৈতিক দল। সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি।

সূত্র: তাসনিম, আইআরআইবি, সিএনএন ও এক্সিওস

সেহরি কী? জেনে নিন সেহরির গুরুত্ব ও ফজিলত

সেহরি কী? জেনে নিন সেহরির গুরুত্ব ও ফজিলত

 

পবিত্র রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস ও যাবতীয় পাপাচার থেকে বিরত থাকাই হলো রোজা। আর এই দীর্ঘ সময় না খেয়ে থাকার শক্তি জোগাতে রাতের শেষ প্রহরে যে খাবার গ্রহণ করা হয়, তাকেই বলা হয় সেহরি। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর রমজানের রোজা রাখা ফরজ।

সেহরি কী? 

'সেহরি' একটি আরবি শব্দ, যার আভিধানিক অর্থ হলো 'ভোরের খাবার' বা 'শেষ রাতের খাবার'। ইসলামি শরিয়তের পরিভাষায়, রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে পানাহার করা হয়, তাকেই সেহরি বলা হয়।

রোজা রাখার নিয়তে সেহরি খাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নত। হাদিস শরিফে একে অত্যন্ত বরকতময় খাবার হিসেবে অভিহিত করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে।” (বুখারি, হাদিস: ১৯২৩)

মুসলিম ও অমুসলিমদের রোজার মধ্যে প্রধান পার্থক্যই হলো সেহরি। রাসুল (সা.) বলেছেন, “আহলে কিতাব (ইহুদি-খ্রিস্টান) এবং মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া।” (মুসলিম, হাদিস: ১৮৪৩; তিরমিজি,হাদিস : ৬৪২)

আরও পড়ুন:  'রমজান মুবারক' নাকি 'রমজান কারীম', কোনটি বলা উত্তম? 

আরও পড়ুন: রোজার নিয়ত কীভাবে করবেন? জেনে নিন 


সেহরির উত্তম সময়

সেহরি খাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে কিছুটা দেরিতে, অর্থাৎ সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে খাওয়া উত্তম ও সুন্নত। রাসুল (সা.) সবসময় শেষ সময়ে সেহরি খেতেন। এতে রোজা রাখা সহজ হয় এবং ফজরের নামাজের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না।

অনেকে রাতের প্রথম প্রহরে ভারী খাবার খেয়ে ঘুমান এবং শেষ রাতে সেহরি খেতে চান না। তবে সুন্নত পালনের উদ্দেশ্যে সামান্য কিছু হলেও খাওয়া উচিত। সেহরির সময় ভারী খাবার খাওয়ার রুচি না থাকলে অন্তত দুটি খেজুর বা সামান্য পানি পান করলেও তা সেহরি হিসেবে গণ্য হবে ।

হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি? যা বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি? যা বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আয়াতুল্লাহ আলী খামেনি | ছবি: সংগৃহীত
বার্তা বিট আন্তর্জাতিক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি নাকচ করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ সূত্রের বরাতে দাবি করেছিল যে, শনিবারের যৌথ হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন ।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, খামেনি সুস্থ ও বেঁচে আছেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে, ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

আরাগচি বলেন, “আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন।” তিনি আরও যোগ করেন, “উচ্চপদস্থ প্রায় সব কর্মকর্তা নিরাপদ আছেন। সবাই যার যার অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। সবকিছু স্বাভাবিক আছে।”

পররাষ্ট্রমন্ত্রী খামেনির বেঁচে থাকার দাবি করলেও, ইরানের সামরিক নেতৃত্বের বড় দুই স্তম্ভের পতন নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স । সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবার সকালের ওই আকস্মিক হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহত হয়েছেন। 

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়লেন ড. ইউনূস
 বার্তা বিট প্রতিবেদন: 

সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি যমুনা ছেড়ে তাঁর রাজধানীর গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস ভবনটি ত্যাগ করার পরপরই সেখানে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদফতর। দেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় উঠবেন কিনা, তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভবনের সংস্কার কাজ শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী কোথায় অবস্থান করবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’: মার্কিন সিনেটর মার্কি

ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’: মার্কিন সিনেটর মার্কি

ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’: মার্কিন সিনেটর মার্কি
মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি | ছবি: সংগৃহীত
বার্তা বিট আন্তর্জাতিক:

ইরানে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সামরিক অভিযানকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। 

এক বিবৃতিতে সিনেটর মার্কি জানান, এই ধরণের সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের কোনো অনুমতি নেওয়া হয়নি। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের এই অবৈধ কর্মকাণ্ড একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এটি কেবল ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের জন্যই নয়, বরং সাধারণ বেসামরিক নাগরিকদের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মার্কি বলেন, ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকিকে ‘অতি আসন্ন’ বলে অতিরঞ্জিতভাবে প্রচার করে আসছেন। তিনি উল্লেখ করেন, গত বছরের জুনে চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার সময় যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ‘বিধ্বস্ত’ করেছে। অথচ সেই অভিযানের পরও ট্রাম্প এখনও ইরানের হুমকিকে বড় করে দেখিয়ে যুদ্ধের পরিস্থিতি জিইয়ে রাখছেন।

সূত্র: আল জাজিরা

৩ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট; মিলবে অনলাইনেও

৩ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট; মিলবে অনলাইনেও

৩ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট; মিলবে অনলাইনেও
ছবি: সংগৃহীত

বার্তা বিট প্রতিবেদন: 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আগামী ৩ মার্চ (মঙ্গলবার) থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ওই দিন  ১২ মার্চ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলীতে সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি ও শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি জানান, ৩ মার্চ সকাল থেকেই কাউন্টার এবং অনলাইন দুই মাধ্যমেই টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা বাসের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই পছন্দমতো আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।

ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নিয়ে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। অনলাইন ও কাউন্টার উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক করা হবে।

টিকিটের কালোবাজারি ঠেকাতে প্রতিটি কাউন্টারে বসানো হয়েছে সিসি ক্যামেরা। কোনো প্রকার অনিয়ম বা জালিয়াতি ধরা পড়লে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইরান-ইসরায়েল যুদ্ধে বিমান বন্দরে আটকা মুশফিক, যে বার্তা দিলেন

ইরান-ইসরায়েল যুদ্ধে বিমান বন্দরে আটকা মুশফিক, যে বার্তা দিলেন

ইরান-ইসরায়েল যুদ্ধে বিমান বন্দরে আটকা যে বার্তা দিলেন মুশফিক
ছবি: সংগৃহীত
বার্তা বিট ম্পোর্টস:

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলছেন মুশফিকুর রহিম। ঘরোয়া লিগ ও চলমান বিসিএলে না থাকায় এই অবসরে পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরব গিয়েছিলেন তিনি। তবে ইসরায়েল-ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উমরাহ শেষে দেশে ফিরতে পারছেন না এই অধিনায়ক।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর তেহরানও পাল্টা জবাব দিতে শুরু করেছে। কাতার, কুয়েত, জর্ডান ও আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। নিরাপত্তার স্বার্থেই মুশফিকের বহনকারী 'ইকে ০৮০৬' (EK 0806) ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে আনা হয়।

জেদ্দা বিমানবন্দর থেকে এক ফেসবুক পোস্টে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন মুশফিক। তিনি লেখেন: ‘আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে উমরাহ পালন করতে মক্কায় এসেছিলাম। আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে ফিরছিলাম। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ফ্লাইটটি জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সাথে অবস্থান করছি।’

কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি আরও লেখেন, "সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।"

জাহের আলভীর স্ত্রীর ‘আত্মহত্যা’; যা বলছে অভিনেতা

জাহের আলভীর স্ত্রীর ‘আত্মহত্যা’; যা বলছে অভিনেতা

জাহের আলভীর স্ত্রীর ‘আত্মহত্যা

ছবি: সংগৃহীত

বার্তা বিট বিনোদন:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার  মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে বিনোদন অঙ্গন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় ইকরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনার সময় আলভী একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন।

স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই নিজের ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাহের আলভী।

তিনি জানান, খবরটি শোনার পর থেকে তিনি কথা বলার মতো অবস্থায় নেই এবং বর্তমানে দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন।

ফেসবুক পোস্টে আলভী লেখেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।”


 

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। স্ত্রীর এমন চরম সিদ্ধান্তের বিষয়ে হাহাকার প্রকাশ করে আলভী লেখেন, “আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”

তিনি আরও অনুরোধ করেন, “আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।” সবশেষে তিনি সবার কাছে ইকরার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের সাজানো সংসার ও একটি পুত্র সন্তান রেখে ইকরার এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। 

বিজয় এখন নিকটে, রাজপথে নামার সময় এসেছে: রেজা পাহলভি

বিজয় এখন নিকটে, রাজপথে নামার সময় এসেছে: রেজা পাহলভি

ছবি: সংগৃহীত



বার্তা বিট আন্তর্জাতিক:

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর এক বার্তা দিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তিনি দাবি করেছেন, ইরানে বর্তমান শাসনের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের চূড়ান্ত বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রেজা পাহলভি বলেন, “আমার প্রিয় জনগণ, সামনে ভালো মুহূর্ত অপেক্ষা করছে। ইরানের সাহসী মানুষকে সহায়তার যে প্রতিশ্রুতি বিশ্ব দিয়েছিল, তা অবশেষে বাস্তবায়িত হয়েছে।” তিনি বর্তমান এই সামরিক অভিযানকে ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করে জানান, এই হামলার লক্ষ্য সাধারণ মানুষ নয়, বরং ‘ইসলামিক প্রজাতন্ত্র’ ও তাদের ‘রক্তপিপাসু’ বাহিনীকে রুখে দেওয়া।

এছাড়াও দেশটির নিরাপত্তাবাহিনীর উদ্দেশে তিনি বলেছেন,, “আপনাদের কাজ হলো মানুষকে রক্ষা করা, কোনো অত্যাচারী সরকারকে নয়। সাধারণ মানুষের সঙ্গে যোগ দিন এবং ক্ষমতার নিরাপদ হস্তান্তরে সহায়তা করুন। নয়তো আপনারা খামেনি সরকারের ভাঙা জাহাজের সঙ্গে ডুবে যাবেন।”

এখন রাজপথে নেমে আসার সময় এসেছে। উপযুক্ত সময়ে তাঁর পরবর্তী নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষকে রাস্তায় নেমে বিক্ষোভ করার জন্য প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি।

ইরানে স্কুলে ইসরায়েলের হামলা, অন্তত ৫৩ শিক্ষার্থী নিহত

ইরানে স্কুলে ইসরায়েলের হামলা, অন্তত ৫৩ শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত
 


বার্তা বিট আন্তর্জাতিক:

মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আজ শনিবার ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত ৫৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের তথ্যমতে, আজ শনিবার ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালায়। এর মধ্যে মিনাব এলাকায় অবস্থিত মেয়েদের স্কুলটিতে চালানো হামলাটি ছিল সবচেয়ে বিধ্বংসী। প্রাথমিক তথ্যে ৫ জনের মৃত্যুর কথা বলা হলেও, পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ও শোক ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে।

স্কুলে হামলার জবাবে বসে থাকেনি তেহরান। ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফার্স নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি। সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সূত্র: আল জাজিরা ও ফার্স নিউজ

22 February 2026

রোজার গুরুত্ব, নিয়ত ও ইফতারের দোয়া: আরবি ও বাংলা উচ্চারণ

রোজার গুরুত্ব, নিয়ত ও ইফতারের দোয়া: আরবি ও বাংলা উচ্চারণ

রোজার গুরুত্ব, নিয়ত ও ইফতারের দোয়া
ছবি: সংগৃহীত
  

বার্তা বিট ধর্ম:

বছর ঘুরে আবারও রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে হাজির পবিত্র মাহে রমজান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে সিয়াম সাধনা। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এই রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নারী-পুরুষের জন্য ফরজ।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, “হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।” (সুরা বাকারা, আয়াত ১৮৩)। 

রমজানের রোজা পালনের জন্য সেহরি করা আবশ্যক। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আমাদের রোজা এবং আহলে কিতাবদের (ইয়াহুদি ও খ্রিস্টান) রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া।” (মুসলিম ও নাসাঈ)। সেহরি খাওয়ার পর রোজার নিয়ত করা জরুরি।

রোজার আরবি নিয়ত: نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم  

বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।  

বাংলা অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে তা কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

আরও পড়ুন:  'রমজান মুবারক' নাকি 'রমজান কারীম', কোনটি বলা উত্তম?


ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এই সময় বেশি বেশি ইস্তিগফার পড়া সওয়াবের কাজ।

ইস্তিগফার: আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।

ইফতারের দোয়া: اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن  

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়াৃ আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।

আরও পড়ুন: রোজার নিয়ত কীভাবে করবেন? জেনে নিন 

 

ইফতার শেষ করার পর আল্লাহর শুকরিয়া আদায় করে এই দোয়াটি পড়া সুন্নত: 

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

উচ্চারণ: জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।  

অর্থ: (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো। (আবু দাউদ, মিশকাত)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়মে সিয়াম সাধনা ও আমল করার তাওফিক দান করুন। আমিন।

সোমবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

সোমবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

সোমবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে
ছবি: সংগৃহীত
  

বার্তা বিট প্রতিবেদন: 

পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানায়, পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক ও রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পুরোনো পাইপলাইন প্রতিস্থাপনের কাজ চলবে। এর ফলে ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাসের চাপ কম থাকবে।

গ্যাস সরবরাহ সাময়িক বিঘ্নিত হওয়ার কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সিডনির গরমে মানিয়ে নিতে লড়ছে বাংলাদেশের মেয়েরা

সিডনির গরমে মানিয়ে নিতে লড়ছে বাংলাদেশের মেয়েরা

সিডনিতে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল

বার্তা বিট স্পোর্টস:

এশিয়া কাপের মঞ্চে লড়াই করতে গত পরশু রাতে সিডনি পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ দ্বিতীয় দিনের মতো অস্ট্রেলিয়ার সিডনির ভ্যালেন্টাইন্স পার্কে অনুশীলন করেছে আফঈদারা ।

এশিয়া কাপের স্কোয়াডে থাকা সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিডনির আবহাওয়া নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আজ অনুশীলনের পর বাফুফের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আনিকা বলেন, “আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম। তবে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং প্রতিদিন আমাদের পারফরম্যান্স আরও উন্নত হচ্ছে।”

সুইডেনের হিমশীতল পরিবেশ থেকে এসে অস্ট্রেলিয়ার তীব্র গরম আনিকার জন্য বেশ কঠিন। তিনি বলেন, “সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার একটু কষ্ট হচ্ছে। আমি এখনও এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের চেয়েও এখানকার আবহাওয়া অনেক বেশি গরম।”

মাঠের বাইরের পরিবেশে কষ্ট হলেও দলের সতীর্থদের সঙ্গে দারুণ সময় কাটছে আনিকার। তিনি বলেন, “আমি এবারও আফিদার সঙ্গেই থাকছি এবং আমরা সিডনিতে খুব মজা করছি। দলের সবার মধ্যকার বোঝাপড়া ও বন্ডিং প্রতিদিন আরও মজবুত হচ্ছে।”

20 February 2026

'রমজান মুবারক' নাকি 'রমজান কারীম', কোনটি বলা উত্তম?

'রমজান মুবারক' নাকি 'রমজান কারীম', কোনটি বলা উত্তম?

'রমজান মুবারক' না কি 'রমজান কারীম'
 

বার্তা বিট ধর্ম:

পবিত্র রমজান মাস শুরু হলেই মুসলিমরা একে অপরকে 'রমজান মুবারক' বা 'রমজান কারীম' বলে শুভেচ্ছা জানান। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, এই দুটি অভিব্যক্তির মধ্যে কোনটি সঠিক বা বেশি গ্রহণযোগ্য? মূলত অর্থ ও প্রেক্ষাপট বিবেচনায় দুটিই সঠিক, তবে এদের ব্যবহারে রয়েছে চমৎকার কিছু সূক্ষ্ম পার্থক্য।

গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দুবাইভিত্তিক ভাষাবিশেষজ্ঞ খালেদ বুদেমাগ জানান, শুভেচ্ছার ধরন দেশ ও সংস্কৃতিভেদে ভিন্ন হয়। যেমন ফ্রান্সে বলা হয় ‘বোঁ রমাদঁ’ (শুভ রমজান)। তবে আরব দেশসহ বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 'মুবারক' ও 'কারীম'।

রমজান মোবারক 

'রমজান মোবারক' শব্দের অর্থ হলো— বরকতপূর্ণ রমজান। এই অভিবাদনের মাধ্যমে একজন রোজাদারকে রমজানের বরকত, রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির দোয়া জানানো হয়। সাধারণত রমজানের শুরুতে এটি বেশি ব্যবহৃত হলেও পুরো মাসজুড়েই এই শুভেচ্ছা বিনিময় করা যায়।

রমজান কারীম 

'রমজান কারীম' শব্দের অর্থ হলো— দানশীল বা উদার রমজান। এর সুর কিছুটা হালকা ও আনন্দঘন। রমজানের দয়া ও উদারতার চেতনাকে সম্মান জানাতে এই বার্তাটি ব্যবহার করা হয়। অনেকের কাছে এটি 'হ্যাপি রমজান'-এর সমার্থক। রমজানের শুরুর দিনগুলোতে এবং পুরো মাসজুড়েই এর ব্যবহার দেখা যায়।

সাধারণত রমজানের চাঁদ দেখার সন্ধ্যা থেকেই এই শুভেচ্ছা বিনিময়ের ধুম পড়ে যায়। তবে রমজান শেষে ঈদুল ফিতরের দিন এই বার্তা বদলে যায়। তখন সবাই একে অপরকে 'ঈদ মোবারক' বলে শুভেচ্ছা জানান এবং আগামী বছরের কল্যাণ কামনা করেন।

সূত্র: গালফ নিউজ

তারাবির নামাজ নিয়ে যা বললেন আজহারী

তারাবির নামাজ নিয়ে যা বললেন আজহারী

 

মিজানুর রহমান আজহারী


 বার্তা বিট ধর্ম:

পবিত্র রমজান মাসের বিশেষ অনুষঙ্গ তারাবির নামাজে ধীরস্থিরভাবে কোরআন তিলাওয়াত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। প্রতিটি আয়াত অনুভূতির সঙ্গে পড়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে আজহারী লেখেন, “তাড়াহুড়ো নয়, কোরআন তিলাওয়াত হোক তারতিলের সাথে। অনুভূত হোক প্রতিটি আয়াত।”

কেমন আছেন ব্রেন টিউমার আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি?

কেমন আছেন ব্রেন টিউমার আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি?

কেমন আছেন ব্রেন টিউমার আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি?
অভিনেত্রী তানিয়া বৃষ্টি
বার্তা বিট বিনোদন:

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে অবশেষে হাসপাতাল থেকে নিজের বাসায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত রোববার রাজধানীর একটি হাসপাতালে তাঁর এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার চিকিৎসকরা তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন।

তানিয়া বৃষ্টির বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, বর্তমানে এই অভিনেত্রী নিজের বাসাতেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। 

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিছানায় বসা একটি ছবি শেয়ার করে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন তানিয়া। সে সময় তিনি পরদিন মাথায় অস্ত্রোপচার হওয়ার তথ্য জানিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছিলেন।

অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়, আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত কোনো বিষয়ে যেন তাঁর সঙ্গে যোগাযোগ না করা হয়। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী তাঁর এখন দীর্ঘমেয়াদী বিশ্রাম ও নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রয়োজন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তানিয়া বৃষ্টি নিজেই সবার সাথে যোগাযোগ করবেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রথমবারের মতো শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

প্রথমবারের মতো শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত আমির 

বার্তা বিট প্রতিবেদন:

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান।

আজ রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরেই শহীদ মিনারে উপস্থিত হবেন ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় । 

ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান, তারিখ ঘোষণা

ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান, তারিখ ঘোষণা

ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান
ছবি: সংগৃহীত
 
বার্তা বিট স্পোর্টস:

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় অনেক দিন ধরেই বিশ্রামে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে এই বিরতি খুব শীঘ্রই শেষ হচ্ছে, কারণ দুদিন পরেই ঘরোয়া ক্রিকেটে নামছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরই মধ্যে আগামী মাসে পাকিস্তান সিরিজের জন্য আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিবি।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলি আগার দল। এরপর ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে । সবকটি ম্যাচই দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।

চলতি বছর আইসিসির বড় ইভেন্টের বাইরে বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। তার মধ্যে এপ্রিল মাসে পাকিস্তান আবার বাংলাদেশ সফরে আসবে। তবে সেই সফরটি হবে পিএসএল (PSL) শেষ হওয়ার পর।

বিপাকে মেসিদের ফুটবল সভাপতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিপাকে মেসিদের ফুটবল সভাপতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিপাকে মেসিদের ফুটবল সভাপতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত


বার্তা বিট স্পোর্টস:

সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে বড় ধরনের চাপের মুখে পড়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার একটি আদালত তাপিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

বুয়েনোস আইরেসের বিচারক দিয়েগো আমারান্তে আগামী ৫ মার্চ ক্লদিও তাপিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আর্জেন্টিনার কর সংস্থা 'এআরসিএ'র অভিযোগে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালে  সামাজিক অবদানের প্রায় ১৯ বিলিয়ন পেসো সরকারি কোষাগারে জমা দেয়নি। তদন্তকারীদের ধারণা, এই অর্থ নিয়মবহির্ভূতভাবে অন্য খাতে সরিয়ে নেওয়া হয়েছে।

শুধু তাপিয়া নন, আদালতের এই নিষেধাজ্ঞার আওতায় এসেছেন আরও চার প্রভাবশালী কর্মকর্তা, পাবলো তোভিগিনো (কোষাধ্যক্ষ) ক্রিস্তিয়ান মালাসপিনা (সাধারণ সম্পাদক) গুস্তাভো লরেঞ্জো (মহাপরিচালক) ভিক্টর ব্লাঙ্কো (সাবেক রেসিং ক্লাব সভাপতি) । 

বিচারক জানিয়েছেন, মামলার গুরুত্ব এবং আইনি প্রক্রিয়া নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আগামী ২৭ মার্চ কাতারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো জয়ী স্পেনের মধ্যে বহুপ্রতীক্ষিত ‘ফাইনালিসিমা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতের এই নিষেধাজ্ঞা যদি বহাল থাকে, তবে লিওনেল মেসিদের সেই ঐতিহাসিক ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না ক্লদিও তাপিয়া।